প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিস ভিজিট করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, ছড়াকার ও অধ্যাপক ড. ধনঞ্জয় সাহা। এ সময় তার সঙ্গে প্রবাস মেলার কলাকুশলীরা চা-চক্রে অংশ নিয়ে তার প্রবাস জীবনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এক ফাঁকে তার হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, বাংলাদেশের চাঁদপুরের মতলবে বেড়ে ওঠেছেন ড. ধনঞ্জয় সাহা। এখানে তার প্রাথমিক এবং হাইস্কুলের শিক্ষাজীবন কেটেছে। এরপর ভোলায় এইচএসসি শেষ করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। এরপর ড. ধনঞ্জয় সাহা ১৯৮০ এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
ছোটবেলা থেকেই ধনঞ্জয় সাহা লেখালেখি করতেন। মাঝে কিছুদিন লেখালেখি থেকে দূরে সরলেও ৮০’র দশকের শেষ দিকে ফের লেখালেখিতে জড়িয়ে পড়েন। বর্তমানে ছড়াকার হিসেবে তিনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

তিনি ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে থেকে ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ধনঞ্জয় সাহা একজন পেশাগত বিজ্ঞানী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন অ্যাট ব্রনস-এ রিসার্চ প্রফেসর হিসেবে কাজ করছেন। তার উল্লেখ্যযোগ্য রিসার্চ–পেপার বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
এক সময় ধনঞ্জয় সাহা রম্যরচনা লিখতেন। তবে এখন ছড়া, কবিতা ও গল্প লিখেন। এখন পর্যন্ত তার ছয়টি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি ঢাকাস্থ বাংলা একাডেমি’র কবি শামসুর রহমান হলে ড. ধনঞ্জয় সাহার দুটি ছড়াগ্রন্থ সোনামণিদের ছড়া- ‘ভূত প্রেত আর জ্বিনি’ এবং ‘মাছ’ এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। এসময় বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা বলেন, ছড়াগুলো খুব সুন্দর। তিনি আরো বলেন, ড. সাহার ছড়াগুলো বিষয়ভিক্তিক। এর আগে কয়েকজন এমন লিখেছেন কিন্তু ড. সাহা লিখেছেন সিরিজ আকারে। এটা শিশুতোষ সাহিত্যে একটা নুতুন সংযোজন।
ড. ধনঞ্জয় সাহা বর্তমানে স্ত্রী ও দুই সন্তানসহ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বসবাস করছেন।