প্রবাস মেলা ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো: সাহাবুদ্দিন চুপ্পু। নিউইয়র্ক থেকে দেশে ফিরেই তার সঙ্গে দেখা করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেতা আহমেদ শরীফ। এ সময় নতুন রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান অভিনেতা। সাক্ষাৎ শেষে আহমেদ শরীফ বলেন, ‘যিনি (মো: সাহাবুদ্দিন চুপ্পু) বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন, তিনি অত্যন্ত বিনয়ী ভালো মানুষ। আমার বিশ্বাস, তিনি এ দেশকে একজন সত্যিকারের অভিভাবকের মতোই দেখভাল করবেন। তার মধ্যে সেই গুণাবলি রয়েছে, যা সবাই অবগত আছেন।’
তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে, আমার পার্শ্ববর্তী জেলা পাবনার সন্তান মহামান্য। নদীর এপার আমার বাড়ি, ওপার তার বাড়ি। তার বিনয়ী মনোভাব, অন্যের প্রতি শ্রদ্ধাশীলতা আমাকে মুগ্ধ করেছে।’
প্রসঙ্গত, পাবনার সন্তান সাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা হয়। যাতে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে কমিশন গঠন করেন, যার প্রধান ছিলেন সাহাবুদ্দিন। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।