ডেস্ক রিপোর্ট: ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
১৭ই মার্চ ২০২৩ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ উৎসবমুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম ভাগে সকালে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন মেডিকেল কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। এরপর শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকে পতাকা উত্তোলন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কার্যক্রম এর সিনিয়র পরিচালক ডা. রেজাউল হক। দিনব্যাপী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণার সকলের জন্য খোলা রাখা হয়। বঙ্গবন্ধুর জীবনী, বিভিন্ন ছবি হাসপাতালে আগত সকল রোগী, দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেয়া হয়। এরপর দিনের দ্বিতীয় ভাগে বিকাল তিনটা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার শিশুদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি শিশু রোগীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পাশাপাশি সকল বাচ্চাদের পুরস্কার প্রদান করা হয়। হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি সকল রোগীদের শুভেচ্ছা উপহার দেয়া হয়া হয়।
অংশগ্রহণকারী সকল বাচ্চাদের নিয়ে একটি র্যালি হাসপাতালের প্রধান ফটক থেকে বঙ্গবন্ধু চত্বরে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এরপর গণস্বাস্থ্য কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি শেখ মোহাম্মাদ কবির সকল শিশুদের সাথে নিয়ে কেক কাটেন। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এর নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্র, রাজগঞ্জ শাখায় মেডিক্যাল ক্যাম্প, বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের দেশব্যাপী অন্যান্য শাখা সমূহেও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হয়।