মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: প্রবাসে সকল ব্যস্ততাকে পিছে ফেলে বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ- ফ্রান্স এর উদ্যোগে এই আনন্দ ভ্রমণ যেন প্রাণের নতুন উৎসব। কিছু সময়ের জন্য সবাই যেন হারিয়ে গিয়েছিল আনন্দময় এক অন্য জগতে। ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত অতি ছোট্ট এ দেশটি (Andorra) -এর Pas de la Casa চারিদিক বরফের সাদা চাদরে মোড়া।
সমতল ভূমি থেকে প্রায় ৯৫০০ ফুট উপরে অবস্থিত এই অঞ্চলটিতে ট্যাক্স ফ্রি তে পণ্য কেনার অপূর্ব সুযোগ আছে। সাথে আছে বরফ উপভোগ করার জন্য অসংখ্য খেলাধুলার রাইড। তাইতো ইউরোপের বিভিন্ন দেশ হতে হাজার হাজার ভ্রমণ পিপাসু প্রতিদিন এখানে বিনোদন খুঁজতে আসে। অনন্য এই বিনোদনের নেশায় মেতে উঠেছিল ফ্রান্সের তুলুজ শহরে বসবাসকারী প্রবাসীরা। সকাল ৯ টায় মিসেস্ প্রণতি ক্রুশের এর প্রার্থনার মাধ্যমে বাস যাত্রা শুরু করে।
নিয়মিত বিরতিতে সকালের নাস্তা এবং উপস্থিত সকলকে নিয়ে খেলাধুলার অনুষ্ঠান হয়। ভ্রমণ পথে বাসে সকাল থেকে দুপুর পর্যন্ত গান, কৌতুক, কবিতা, গল্প, আড্ডা ইত্যাদি বিষয় গুলি ছিল ভীষণ আনন্দদায়ক। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর সকলে একত্রে দুপুরের খাবার সেরে নেয়। অতঃপর বরফের মাঝে নানাবিধ রাইডে চড়া, ফটোসেশন, সস্তায় বিভিন্ন কেনাকাটার নতুন পৃথিবীতে সবাই হারিয়ে যায়।

নিরাপত্তার জন্য দিনের আলো শেষ হওয়ার আগেই ফ্রান্সের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। শুরু হয় নিজ ঘরে ফিরে আসার প্রস্তুতি। যাত্রাপথে বিরতিতে আনন্দঘন লটারি ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়।
সাংগঠনের সহ কোষাধক্ষ্য প্রিন্স এ গমেজ এর উপস্থাপনায় অনুভূতি প্রকাশ পর্বে অনেকে আনন্দঘন এই দিনের অনুভূতি প্রকাশ করেন। ব্যবসায়িক ও সাংগঠনিক কাজে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সংগঠনের সভাপতি, জোসেফ ডি কস্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলকে শুভেচ্ছা প্রদান করেন। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক- মার্ক রায়, প্রচার সম্পাদক -পঙ্কজ গমেজ, যুব সম্পাদক- রক্সি কস্তা, সমাজ কল্যাণ সম্পাদক- জেমস পিন্টু কস্তা, নুপুর রোজারিও, সাংস্কৃতিক সম্পাদক- ইভা গ্লোরিয়া রোজারিও, সহ-সাধারণ সম্পাদক- রিকি পি রোজারিও সহ অন্যান্যরা। বক্তারা উল্লেখ করেন নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি-কালচার জানানো, সকলের সাথে পরিচয় করানোর জন্য এই ধরনের কার্যক্রম আরো বেশি করা দরকার।
যাত্রাপথে মহিলাদের তৈরি বিভিন্ন অঞ্চলের পিঠা, হরেক রকম চা ও খাবার ছিল আনন্দ ভ্রমণের বাড়তি আকর্ষণ।