জেনিফা জামান:
আমার প্রগাঢ়
প্রচ্ছন্ন
বিশ্বস্ত বিশ্বাস
আশ্রয় নেয় চার দেওয়ালের অভিধানে।
অভিব্যক্তি প্রকাশ করার প্রয়াস এখানে অস্বচ্ছ
জীবনের আনন্দ নিরানন্দের বেশে
পাখি হয়ে উড়ে যায় সুনীল আকাশে
আমি চেয়ে দেখি এখানে জটিলতা বিমুখ।
অনন্ত নৈঃশব্দের একাকিত্ব এখানে নদীর মতোই দীর্ঘ
মফস্বলি শহরের নিয়ন আলোর সন্ধ্যা নামে
আমার প্রতিচ্ছবি হয়ে
ঝিঁ ঝিঁ’রা তাদের জাতীয় সংগীতের আহবানে
ঘন, গাঢ় রাত্রি নামায়
রাতের স্বপ্নগুলো তারাদের বেশে মিশে যায়
আকাশের সংসারে
আমি চেয়ে দেখি মৃত্তিকার মর্মর এখানে স্নিগ্ধ
মানবিক কর্মকাণ্ডের জন্য ভারসাম্য চায় সকাল
ভালোবাসি আমার চার দেওয়ালের অভিধান।