হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: করোনা মহামারী সংকট উঠতে না উঠতেই বিশ্ব দাঁড়ালো আরেকটি যুদ্ধের মুখে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। সপ্তাহ পেরিয়ে মাস, আর এক বছর পূর্ণ হলো। বরাবরের মতো জাতিসংঘ রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের পাশাপাশি সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার জাতিসংঘে বিশেষ অধিবেশনে এ আহ্বান জানানো হয়। এদিন বিনা শর্তে রুশ সেনা প্রত্যাহার, যুদ্ধ বন্ধসহ বেশ কিছু বিষয়ে প্রস্তাব করলে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দিয়েছে। রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। চীন ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘আজ, জাতিসংঘের সাধারণ পরিষদ খুব স্পষ্ট কথা বলেছে। এই ভোট এটাই দেখায় যে, আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।’
টানা দুই দিনের বিতর্কের পর বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিতর্কের সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ভালো এবং মন্দের মধ্যে’ যেকোনও একটিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এছাড়া কিয়েভ শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের প্রধান পশ্চিমা মিত্রদের সহায়তা উপভোগ করছে বলে যে ধারণা রয়েছে সেটিও প্রত্যাখ্যান করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক ‘রুশ আগ্রাসনের বার্ষিকীতে ইউক্রেনের পক্ষে দাঁড়ানো’ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্ব বোঝে সত্য কার পক্ষে।
এদিকে ভোটভুটিতে পাস হওয়া প্রস্তাবে ইউক্রেনের ‘সার্বভৌমত্ব’ এবং ‘আঞ্চলিক অখণ্ডতা’ এর পক্ষে সমর্থন পুনঃনিশ্চিত করা হয়েছে। এছাড়া রুশ দখলে চলে যাওয়া ইউক্রেনীয় অংশগুলোতে রাশিয়ার যে কোনও দাবি প্রত্যাখ্যান করা হয়েছে ওই প্রস্তাবে।
একইসঙ্গে এই প্রস্তাবে ‘রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে তার সমস্ত সামরিক বাহিনীকে সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে প্রত্যাহার করার’ দাবি করার পাশাপাশি ‘শত্রুতা বন্ধ করার’ আহ্বানও জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং সারা বিশ্বকে কতটা বিপদগ্রস্ত করে তুলেছে তা তুলে ধরার চেষ্টা করেন তিনি।
যুদ্ধের এক বছর পূর্তির একদিন আগে বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ভাষণে অ্যান্তনিও গুতেরেস বলেন, এই যুদ্ধ ‘আঞ্চলিক অস্থিরতা’ উসকে দিচ্ছে এবং সেই সাথে বিশ্বজুড়ে উত্তেজনা এবং বিভেদ সৃষ্টি করছে।
তিনি বলেন, আর এ কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংকট সমাধানের ওপর থেকে নজর এবং সম্পদ সরে যাচ্ছে। গুতেরেস হুঁশিয়ার করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকির কথাও উচ্চারিত হচ্ছে। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে সরে আসার এখন উপযুক্ত সময়।