রাশিদুল ইসলাম জুয়েল, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় ২০২২ সালে ঘোষণা করেছিল যে নভেম্বর মাসের ৭ তারিখ হতে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল এবং নির্দিষ্ট সময়ে মধ্যে যে সকল অবৈধ অভিবাসী দেশে ফিরত যাবে কোন প্রকার জরিমানা দিতে হবে না। কিন্তু নির্দিষ্ট সময়ে অবৈধ অভিবাসী ফেরত না যাওয়ায় সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আগামী দুই মাস অর্থাৎ ২০২৩ সালের ২রা মার্চ হতে ৩০শে এপ্রিলের পর্যন্ত সরকার যৌথভাবে অবৈধ অভিবাসী ধরার নির্দেশ জারি করেছে।
সরকারী নির্দেশ অনুযায়ী বিচার মন্ত্রণালয় (তত্ত্বাবধানে), ন্যাশনাল পুলিশ এজেন্সি, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়, ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং কোরিয়া কোস্ট গার্ড সহ ৫ টি মন্ত্রণালয় একসাথে অবৈধ অভিবাসী ধরার কাজ করবে।
বছরে চারবার অবৈধ অভিবাসী বিরুদ্ধে সরকার অভিযান পরিচালনা করবে এবং বিদেশীরা যে এলাকায় বেশি কাজ করে সেখানে পরিদর্শন ও টহল পরিচালনা করবে। এই যৌথ অভিযান চলাকালীন সময় যদি মালিক যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তথ্য দিতে অস্বীকার করে এবং অনুসন্ধানে অবৈধ অভিবাসী ধরা পরে তাহলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।