অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া থেকে: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মহাসমারোহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস ইউনেস্কো সম্পর্কিত কোরিয়ান জাতীয় কমিশনের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করে।
এসময়, ইউনেস্কো সম্পর্কিত কোরিয়ান জাতীয় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দক্ষিণ কোরিয়ার সুশীল সমাজের প্রতিনিধিগণ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিউলের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মাতৃভাষা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগগুলোও তুলে ধরেন তিনি।
ইউনেস্কো সম্পর্কিত কোরিয়ান জাতীয় কমিশনের মহাসচিব ডঃ কিয়ুং কু হান তাঁর বক্তব্যে মাতৃভাষার অস্তিত্ব ও মর্যাদা সংরক্ষণে দুই দেশের সংগ্রামী ইতিহাসের সাদৃশ্য তুলে ধরেন। এছাড়া মাতৃভাষা সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এরপর ভারত, ইন্দোনেশিয়া ও সিয়েরা লিওনের রাষ্ট্রদূত মাতৃভাষা ও বহুভাষা বাদ বিকাশে নিজ নিজ দেশের সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের ওপর আলোচনা করেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ,ভারত, দক্ষিণ কোরিয়া ও কলম্বিয়ার শিল্পীরা নিজ নিজ দেশের ভাষা ও সংস্কৃতি থেকে তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।