প্রবাস মেলা ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী লারা লোটাস। সিনেমায়ও অভিনয় করেছেন। কিন্তু মুক্তি পায়নি এখনও। মাঝে রঙিন পর্দার দুনিয়া থেকে নিয়েছিলেন সাময়িক বিরতি।
অভিনয় ছেড়ে পড়াশোনায় মন দিয়েছিলেন লারা লোটাস। প্রায় ছয় বছর পর আবার ফিরেছেন লাইট-ক্যামেরার সামনে। নাটক, ওয়েব সিরিজ আর ধারাবাহিকে অভিনয় করছেন এ অভিনেত্রী।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে লারা বলেন, ‘মন থেকে ভালোবাসা ছিল অভিনয়ের প্রতি। অভিনয়কে অনেক মিস করতাম। মনে হতো কিছু একটা নেই। মাঝে হতাশও লাগত। পরে সিদ্ধান্ত নিলাম ফ্যাশন নিয়ে আপাতত কাজ করব না। অভিনয়ই করতে হবে। এখন মানসিক শান্তি পাচ্ছি। অভিনয়কে প্রায়ই বলি, অনেক ভালোবাসি আর কখনোই গুডবাই বলব না।’
নীরবে কাজ করে যাচ্ছেন লারা। বর্তমানে বেশ কিছু ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন। পাশাপাশি করছেন একক নাটক। ওয়েব সিরিজ আর উপস্থাপনা তো আছেই। লারার ভাষায়: ‘আমার সঙ্গে যায় না, এমন গল্পে কাজ করছি না।’
শিগগিরই বিয়ে করবেন এ অভিনেত্রী। এমনটাও জানিয়েছেন দেশীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে। প্রশ্ন ছিল: প্রেম করেন? উত্তরে লারা জানিয়েছেন, ‘না, আমার কোনো প্রেম-ভালোবাসা নেই। আমি সিঙ্গেল, তবে বিয়ের পক্ষে। বাবা-মায়ের পছন্দেই বিয়ে করব। করোনার মধ্যে পরিবার থেকে বিয়ের কথা বলা হয়েছিল। সবাইকে জানিয়েই বিয়ে করব।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) ছিল লারা লোটাসের জন্মদিন। ছোট বোন অসুস্থ থাকায় এবারের জন্মদিন উদ্যাপন করা হয়নি। কাকতালীয়ভাবে লারা লোটাস ও তার ছোট বোনের জন্ম একই দিন। কীভাবে উদ্যাপন করলেন? উত্তরে লারা বলেন, ‘বাইরে থেকে ফেরার পথে ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম। ঘরোয়া আয়োজনেই জন্মদিন উদ্যাপন করেছি।’