প্রবাস মেলা ডেস্ক: অভিনেতা ও নির্মাতা ডি এ তায়েবের মা সুফিয়া কমল আর নেই। ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার সন্ধ্যায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সুফিয়া কমলের বয়স হয়েছিল ৯৫। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নির্মাতাদের ডিরেক্টরস গিল্ড। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ডি এ তায়েবের মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।
২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার বাদ যোহর কাটরা গ্রামে তার নামাজে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ডি এ তায়েব একজন পুলিশ কর্মকর্তা। পাশাপাশি অভিনেতা হিসেবে নিজেকে পরিচিত করেছেন। ছোট ও বড় পর্দায় তার সমান উপস্থিতি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ সভাপতি পদে লড়েছিলেন।