প্রবাস মেলা ডেস্ক: মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এর মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। আগামী মাসে ভারত ও বাংলাদেশের একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে।
জানা গেছে, সিনেমায় অপি করিমের চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে কলকাতায় তার সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি করেন সোমা।
সোমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও থাকছেন সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ ও শাওলি চট্টোপাধ্যায় প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। ‘মায়ার জঞ্জাল’র মাধ্যমে আবারো বড় পর্দায় ফিরছেন তিনি।