প্রবাস মেলা ডেস্ক: কানাডার ব্রুকস এডুকেশন গ্রুপ এবং বাংলাদেশের এসএসবিসিএল গ্রুপ এর যৌথ উদ্যোগে স্কুল চালু হচ্ছে। ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে উভয় গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ স্কুলটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের স্নাতক (আইবি) জিসিএসই প্রোগ্রাম এবং প্রাদেশিক কারিকুলামে শিক্ষা দেয়া হবে যাতে তারা বিশ্বের বড় বড় নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করতে পারে।
এই স্কুলের উদ্যোক্তারা বলছেন, এই স্কুল প্রতিষ্ঠার ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের কম খরচে আন্তর্জাতিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হবে। ব্রুকস এডুকেশন গ্রুপ বিশ্বের ৪টি স্থানে এ ধরণের স্কুল প্রতিষ্ঠা করেছে। তারা মনে করে তাদের প্রতিটা স্কুল যেকোন শিক্ষার্থীর জন্য নিজের বাড়ি বলে মনে হবে।
ব্রুকস এডুকেশন গ্রুপের স্কুলগুলো একটি কমন লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। যেখানে শিক্ষার্থীদের জন্য তাদের সৃজনশীল মেধা বিকাশে অত্যন্ত যত্নশীল শিক্ষক দ্বারা আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সে কারণে প্রতিটি শিক্ষার্থীকে যত্নের সাথে গড়ে তোলা হয় যাতে তারা তাদের সৃজনশীল মেধা বিকাশে বা তাদের পছন্দসই বিষয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারে। এই স্কুলের প্রতিটি প্রোগ্রামের মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটানোর মধ্য দিয়ে তাদের সুপ্ত মেধার উন্মোচন করা।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে SSBCL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার, আমেরিকাস অ্যান্ড নিউ স্কুল ডেভেলপমেন্ট এর সিইও পরিচালক মি. গ্রানহাম ব্রাউন, পরিচালক মি. জেরি সালভাদর, এশিয়া প্যাসিফিকের পরিচালক মি. কেভিন স্কিওচ, ‘দ্য ফাইন্যান্স টুডে’ এর সম্পাদক ও প্রকাশক মো: মতিউর রহমান এবং SSBCL গ্রুপের অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।