হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস এবং বাড়ি থেকে অতিগোপনীয়সহ সর্বমোট ২০টি নথি উদ্ধার করা হয়েছে।
ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ১৩ জানুয়ারি ২০২৩, শুক্রবার এ তথ্য জানিয়েছে। সিবিএস জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোম্যাসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টের অফিসে মোটামুটি ১০টি নথি উদ্ধার করা হয়েছে।
এ নথিগুলোর মধ্যে কিছু নথি অতি গোপনীয় চিহ্নিত করা হয়েছে। এ ধরনের নথির তথ্য ফাঁস হলে গুরুতর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। এছাড়া দশটিরও কম নথি বাইডেনের ডেলাওয়্যারের উইলমিংটনে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে এই নথিগুলো অতি গোপনীয় হিসেবে চিহ্নিত করা হয়নি।
২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন এ নথি নভেম্বরে উদ্ধার করা হলেও তার এক মাস পর প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড আইনজীবী রবার্ট হুরকে উদ্ধার হওয়া গোপন নথিগুলি ভুলভাবে ব্যবহার হয়েছে কিনা তা তদন্তে বিশেষ পরামর্শক হিসেবে নিযুক্ত করেছেন।
এদিকে জো বাইডেন নথি উদ্ধার ঘটনায় ‘বিস্মিত’ হয়েছেন তবে কোনও ভুল অস্বীকার করেছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণ জানে আমি গোপনীয় নথি গুরুত্ব সহকারে নেয়।’
এর আগে গত বছরের আগস্টে, এফবিআই এজেন্টরা ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগোর বাসভবনে অভিযান চালিয়ে গোপনীয় নথি উদ্ধার করে। বাইডেনের মতই ট্রাম্প কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন।