প্রবাস মেলা ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় জুটি রাজ ও পরীর সংসার ভেঙে গেছে। ভাঙনের কারণ এবার নিজেই প্রকাশ্যে এনেছেন পরীমনি। ১ জানুয়ারি ২০২২, রবিবার বিকেল ৪টা ৪৯ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে সংসার ভাঙার কারণ জানান পরীমনি। ফেসবুক স্ট্যাটাসের সে পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে, স্বামী শরীফুল রাজের শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
রাজ শুরু থেকেই পরীর ধারাবাহিক অভিযোগের বিষয়ে চুপ থেকেছেন। শুধু বছরের প্রথম দিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পুত্র রাজ্যকে নিয়ে। টুঁ শব্দটিও করেননি পরীকে নিয়ে।
অবশেষে সংবাদমাধ্যমে পরী প্রসঙ্গে মুখ খুললেন রাজ। ফেসবুকে পরীমনির নানা পোস্ট ও অভিযোগ প্রসঙ্গে রাজের স্পষ্ট ভাষ্য, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন।’
পরীমনি ঘরের কথা ক্রমশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জনপ্রিয় নায়কের ব্যক্তিজীবনে ব্যাঘাত ঘটাচ্ছেন, এটি সত্যি। কিন্তু স্বামী রাজের প্রতি স্ত্রী পরীর যে গুরুতর অভিযোগ সেটি নিয়ে রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনও ভুল করিনি।’
আগেও দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় পরীর এমন প্রতিক্রিয়ার দ্রুত সময়ের মধ্যে ফের দুজনকে হাস্যোজ্জ্বল ফ্রেমে। তবে এবার আর সেটি সম্ভবত হচ্ছে না। রাজের আভাস, ‘না, আর হবে না।’
২০২২ এর শেষ দিনে পরীমনির রক্তাক্ত ছবিসহ ফেসবুক পোস্ট কাঁপিয়ে দিয়েছে দর্শকের হৃদয়। আর ছেলের উদ্দেশে রাজের করা এ পোস্টের কিছুক্ষণ পরেই পরীমনির পোস্টে জানা গেল রাজ ও পরীর বিচ্ছেদের কারণ।