প্রবাস মেলা ডেস্ক: যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কাগজ’। এমনটাই বলছেন পরিচালক আলী জুলফিকার জাহেদী। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা এটি। ২৩ ডিসেম্বর ২০২২ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা জানান, ‘এটি দেখার পর মানুষ হতাশ হবে না। আমার বিশ্বাস, ‘কাগজ’ সিনেমাটি দেখে দর্শক তৃপ্তি নিয়ে হলে থেকে বের হবে।’
এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মামনুন হাসান ইমন, আইরিন সুলতানা ও মাইমুনা মম। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মডেল ইমি ও এলিনা শাম্মী।
নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন। চিত্রনায়ক ইমন বলেন, ‘বীরত্ব ছবির পর আমার আরও একটি গল্প নির্ভর ছবি কাগজ মুক্তি পাচ্ছে। ছবিটিতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন। আসছে ২৩ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার বিশ্বাস ছবিটি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’
মুক্তির আগেই ছবিটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে।