সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, মানামা কর্তৃক ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার, স্থানীয় সময় সকাল ১০:৩০ টায় যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২’ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর পর্যায়ক্রমে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানে বাহরাইনে বসবাসরত বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বাহরাইনে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসীগণ এবারের প্রতিপাদ্য বিষয় ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’- এর উপর বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উদযাপন হচ্ছে। এই উদযাপন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় বরং বছরের প্রতিটি দিনই আমাদের উচিত প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া। সকল স্পন্সর বা মালিকদের উচিত তাঁদের শ্রমিকদের নায্য বেতন-বকেয়া সময়মত পরিশোধ করে দেয়া। আজ বিশ্বের ১৬৮টি দেশে বাংলাদেশি প্রবাসীগণ কর্মরত রয়েছেন। যাঁদের কষ্টে উপার্জিত প্রেরিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তিনি বাহরাইনে বসবাসরত সকল প্রবাসীকে বৈধ পথে টাকা প্রেরণের জন্য আহবান জানান। এছাড়া, তিনি বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদেরকে একযোগে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বির্নিমানে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ স্কুল, বাহরাইনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাদেশের উন্নয়নে অভিবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ভূমিকা’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মান্যবর রাষ্ট্রদূত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উল্লেখ্য যে, ১৮ ডিসেম্বর ২০২২ বাহরাইনে সরকারী বন্ধ থাকায় দিবসটি ১৯ ডিসেম্বর ২০২২,সোমবার পালন করা হয়।