আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, রোমের আয়োজনে ১২ ডিসেম্বর ২০২২ যথাযোগ্য মর্যাদায় ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: শামীম আহসান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২০০৮ সালে প্রস্তাবিত সুদূরপ্রসারী ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের সার্থক রূপায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার পথে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশের বিভিন্ন যুগান্তকারী অর্জনের কথা ডিজিটাল মাধ্যমে যুক্ত হওয়া ইতালি প্রবাসী নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিলো ডিজিটাল মাধ্যমে সংযুক্ত ৭-১৮ বছর বয়সী প্রবাসী বাংলাদেশী শিশু কিশোরদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা। ইতালির রোম, বারি, পালেরমোসহ বিভিন্ন অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর এ প্রতিযোগিতায় বিপুল উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।
দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: জসিম উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাস কর্তৃক ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন গ্রুপের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ডিজিটালবান্ধব সরকারের নির্দেশনা মোতাবেক ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী দূতাবাস প্রান্ত থেকে সশরীরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনালগ্নে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ডিজিটাল মাধ্যমে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত থেকে দূতাবাসের এ আয়োজনে উৎসাহ যোগান। মান্যবর রাষ্ট্রদূত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিশু কিশোরদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং দূতাবাসের পক্ষ থেকে সবাইকে ডিজিটাল সার্টিফিকেট প্রদানের ঘোষণা প্রদান করেন।