প্রবাস মেলা ডেস্ক: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ের ৫ বছর পূর্ণ হয়েছে ১১ ডিসেম্বর ২০২২, রবিবার। জীবনের এই বিশেষ দিনটি বিরাট কোহলি কাটাচ্ছেন বাংলাদেশে। জাতীয় দলের সঙ্গে তিনি এসেছেন ওয়ানডে আর টেস্ট সিরিজ খেলতে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারার পর কোহলিরা এখন টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রামেই অবস্থান করছেন।
বিবাহবার্ষিকীর আগের দিন ১০ ডিসেম্বর ২০২২, শনিবার শেষ ওয়ানডেতে মাঠে নেমেই কোহলি করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সুবাদে ভারত ম্যাচ জিতে নেয় ২২৭ রানের বিশাল ব্যবধানে। তাই এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় আনুশকার সঙ্গে ছবি পোস্ট করে কিং কোহলি লিখেছেন, ‘অনন্তকালের পথে পাঁচ বছরের যাত্রা। তোমাকে পেয়ে আমি ভাগ্যবান। আমি সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি।’
আনুশকা শর্মাও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কোহলির বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে আনুশকা লেখেন, ‘এই ছবিগুলো পোস্ট করার জন্য আজকেই সেরা দিন।’ এরপর ছিল ছবিগুলোর বিবরণ। যার একটিতে হাসপাতালের বেডের পাশে ঘুমন্ত কোহলিকে দেখা যাচ্ছে। আনুশকা সন্তান জন্মদানের পর তাকে দেখাশোনার ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছিলেন ভারতীয় ব্যাটিং দানব।
সূত্র: ইন্ডিয়াটুডে