প্রবাস মেলা ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণকে আপিলের অনুমতি দেয়া হয়েছে।
এ ঘোষণা আসার পর শিল্পী সমিতিতে ছুটে আসেন অনেকে। জরুরি সংবাদ সম্মেলন করেন শিল্পী সমিতির নেতারা। সেখানে উপস্থিত সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন। আরও ছিলেন আরমান, জেসমিন, ডি এ তায়েব, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকেই।
সংবাদ সম্মেলনে জায়েদ খানের আবার পাল্টা রিট বা মামলায় ই পদে ফিরে আসার সম্ভাবনা আছে কি-না? তা জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন আর জায়েদ খানের সে সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছে। এখন জায়েদ খানকে এ পদে আসতে হলে জাতিসংঘে যেতে হবে। এ ছাড়া তার জন্য আর অন্য কোনো উপায় নেই।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৯ মাস ধরে অনেক কিছু হয়েছে। এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এখন শিল্পীদের জন্য কাজ করে যেতে চাই। নিপুণও নিয়মিত কাজ করবে। আজ থেকে আমাদের শক্তিটা বেড়ে গেছে।’
এদিকে সোমবার সময় সংবাদের কাছে জায়েদ খান দাবি করেন, এ রায় চূড়ান্ত নয়। তিনি বলেন, ‘নিপুণ আদালতে আপিল করেছিলেন সেই রায়ের একটা আদেশ দিয়েছেন। যদি চূড়ান্ত রায় আদালত দিতেন তাহলে আমার প্রার্থিতা অবৈধ ঘোষণা করতেন। যেহেতু আদালতে শুনানি হবে সেহেতু এ রায় চূড়ান্ত নয়। আমার বিশ্বাস আমি শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি। সেহেতু আদালত চূড়ান্ত রায়ে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করবেন।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে জটিলতা সৃষ্টি হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে।