প্রবাস মেলা ডেস্ক: হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থানে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। যারা গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
ফেসবুক, ইউটিউব ও টুইটার কিংবা টিকটক সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের শেষ নেই। কখনো দেশ নিয়ে, আবার কখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বিরামহীনভাবে ছড়ানো হচ্ছে গুজব। এতে দেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি গুজবের কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরাও।
তাই গুজব ছড়ানো ব্যক্তিদের কঠোরভাবে দমনের দাবি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো কঠিন সময় পার করছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বড় শক্তি।
কুয়েতে আড়াই লাখের বেশি বাংলাদেশির বসবাস। রেমিট্যান্স খাতে বড় ভূমিকা রেখে আসছেন এসব প্রবাসী। কিন্তু তাদের অনেকে দিনারের বিপরীতে ভালো মূল্য পাওয়াসহ বিভিন্ন কারণে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডির শরণাপন্ন হন।
তাই হুন্ডি ব্যবসা করে যারা দেশের ক্ষতি করছেন এবং বিভিন্ন গুজব ছড়িয়ে দেশের সুনাম ক্ষুণ্নসহ সাধারণ প্রবাসীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বৈধপথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব নিয়ে আরও বেশি প্রচারণার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।