প্রবাস মেলা ডেস্ক: আগামী ১৮ নভেম্বর ২০২২ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসার প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।
মুক্তিপ্রতিক্ষীত এ সিনেমাটি শিক্ষার্থীরা ‘হাফ পাশ’-এ দেখার সুযোগ পাবে। অর্থাৎ টিকিটের মূল দামের অর্ধেক টাকায় সিনেমাটি দেখার সুযোগ পাবে তারা।
প্রদীপ ঘোষ গণমাধ্যমকে জানান, ‘যেহেতু এটা ইতিহাস নির্ভর ছবি, আমরা চাই শিক্ষার্থীরাই বেশি দেখুক। কিন্তু পাঁচ-ছয়শ টাকা দিয়ে দেখতে তো ওদের কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা হলগুলোর সঙ্গে আলাপ করছি, যেন অর্ধেক দামে শিক্ষার্থীরা টিকিট কিনতে পারে। আমাদের ঘরে অর্থ না আসুক, ছবিটা অন্তত শিক্ষার্থীরা দেখুক।’
নির্মাতা জানান, ভূপেন হাজারিকা স্মরণে শিল্পকলার আয়োজনে ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকায় শুরু হচ্ছে সিনেমার ঢাকা অঞ্চলের প্রচারণা। এদিন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ইডেন মহিলা কলেজ থেকে। সেখানে প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
প্রদীপ ঘোষ আরও জানান, ‘প্রীতিলতা ওয়াদ্দেদার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন ইডেন কলেজ থেকে এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। এই কলেজটি বিশাল একটি ইতিহাস ধারণ করে আছে। এখানে আমাদের প্রধানমন্ত্রীও পড়েছেন। এই ঐতিহাসিক কলেজ থেকেই আমরা ঢাকার প্রচারণা শুরু করতে যাচ্ছি। এদিন আমরা ছবির একটি গানও প্রকাশ করবো।’
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘ভালোবাসার প্রীতিলতা’ ছবির প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।সিনেমায় বিভিন্ন চরিত্রে আরোও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে। এর সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।