প্রবাস মেলা ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান দম্পতির বড় মেয়ে তিনি।
বুধবার রাত ১২টার পর স্বামী ওমর সানি ও সন্তানদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন মৌসুমী। পরে সেই ছবি ও একটি ভিডিও তার ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন।’
মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন মৌসুমী। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানির সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।
মৌসুমী ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন। চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে।
এ সিনেমায় সালমান শাহের সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম ছবিতেই নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তারপর দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
মৌসুমী তার ক্যারিয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন তিনবার। এ ছাড়া ছয়বার পেয়েছেন বাচসাস পুরস্কার। সালমান শাহের সঙ্গে ক্যারিয়ার শুরু করা মৌসুমী সফল হয়েছেন ওমর সানি, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও ডিপজলের সঙ্গে জুটিবেঁধে। অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের হয়ে কাজ করেন তিনি।