প্রবাস মেলা ডেস্ক: এই গায়িকা এবার ডাক্তারি পেশায় যোগ দিয়েছেন। ১ নভেম্বর ২০২২ দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে সুখবরটি জানিয়েছেন। ঐশী জানান, তিনি রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ডাক্তার হিসেবে যোগ দেন।
ফেসবুক পোস্টে ঐশী লিখেছেন, আলহামদুলিল্লাহ্, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউ এর মেডিকেল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
এর আগে এমবিবিএস সম্পন্ন করে ঐশী তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। পাশাপাশি সবার কাছে দোয়াও চেয়েছেন।
জানা যায়, ঐশী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজধানীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায় এবং তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। গানের পাশাপাশি তিনি এবার চিকিৎসা পেশায় নিজেকে যুক্ত রাখছেন।
২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা ঐশীর। ২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে…’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তরুণ এই সংগীত তারকা।