প্রবাস মেলা ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়া শুরুর ভোটাভুটি থেকে এখন পর্যন্ত সব প্রধানমন্ত্রী ব্যর্থতার অপবাদ নিয়ে পদত্যাগ করেছেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার ইইউতে যোগ দেয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল লন্ডন। ব্রেক্সিটের সিদ্ধান্ত ভুল ছিল বলে দাবি আন্দোলনকারীদের।
যুক্তরাজ্যকে আবার ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে শনিবার (২২ অক্টোবর) উত্তাল ছিল লন্ডনের রাজপথ। ব্যর্থতার দায় নিয়ে যখন একের পর এক প্রধানমন্ত্রী পদত্যাগে বিপর্যস্ত দেশটি, তখনই মাথাচাড়া দিয়ে ওঠেছে ব্রেক্সিটবিরোধী ইস্যু।
অর্থনৈতিক কষাঘাতে জর্জরিত যুক্তরাজ্যের বর্তমান অবস্থার জন্য ব্রেক্সিটকেই দায়ী করছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, এর প্রয়োজন ছিল না।
একজন বিক্ষোভকারী বলেন, আমি মনে করি যুক্তরাজ্যের স্থিতিশীল অবস্থায় ব্রেক্সিটের সিদ্ধান্ত নেয়া সবচেয়ে বড় ভুল ছিল। এটি আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার প্রভাব আমাদের সবার ওপরেই পড়েছে।
এদিন হাজারো বিক্ষোভকারী ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে রাস্তায় নামে। তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও পোস্টারও ছিল। এসব পোস্টারে ছিল ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ফিরে যাওয়ার আহ্বান।
ব্রেক্সিট বাস্তবায়নের পর তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন দেশকে ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেও মূলত বিভক্তির কোন্দলে জর্জরিত হতে হয়েছে দেশটিকে।