প্রবাস মেলা ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক মাসুম আজিজ হাসপাতালে ভর্তি। রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন এই গুণী অভিনয়শিল্পী।
১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। নিজের ভেরিভায়েড ফেসবুকে পোস্টের মাধ্যমে মাসুম আজিজের সুস্হতার জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি।
৭০ বছর বয়সী এ অভিনয়শিল্পী কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। চার বছর আগে তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরার পর রিং বসানো হয়েছিল। এ ছাড়া বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। তার মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন। হুমায়ূন আহমেদের উড়ে যায় বকপক্ষী, সালাউদ্দিন লাভলুর তিন গ্যাদাসহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য) পেয়েছেন মাসুম আজিজ। গহীনে শব্দ, এই তো প্রেম, গাড়িওয়ালাসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প‘ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। সর্বশেষ তার রচনা ও নির্দেশনায় মঞ্চে এসেছে নাটক ট্রায়াল অব সূর্য সেন।