আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধিঃ অগ্রাধিকার ভিত্তিতে পেনশন পাবেন প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশিদের পেনশন দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে ইতালির বন্দরনগরী নাপলির পালমা কাম্পানিয়ায় (Palma Campania, Napoli ) সফরে গিয়ে এ কথা জানান সচিব।
তিনি আরো জানান, বর্তমান সরকার সর্বজনীন পেনশনের ব্যবস্থা করেছে, এই পেনশন তালিকায় প্রবাসী বাংলাদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রবাসীদের বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই প্রবাসীদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত মজটিন। প্রবাসীরা নানাভাবে হয়রানি হয় দেশে আসলে । এসব আমরা জানি। প্রবাসীদের ব্যাপারে সরকার সব সময় অনেক উদার । ভবিষ্যতে প্রবাসীদেরকে পেনশনের আওতায় আনবো এটা তাদের অধিকার বলে আমরা মনে করি ।
উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে সচিব বলেন, আপনারা সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন এতে দেশ যেমন লাভবান হবে আপনারও লাভবান হবেন। কারণ ব্যাংকের মাধ্যমে বৈধপথে যে টাকা পাঠাবেন তার উপরে আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনারা ব্যাংক থেকে পাবেন। এই টাকাটা হুন্ডির মাধ্যমে পাঠালে আপনারা কোন প্রণোদনা পাবেন না । এসময় তিনি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন। মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমডি জাহাঙ্গীর কবির এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক উপস্থিত ছিলেন।