প্রবাস মেলা ডেস্কঃ বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহিকে ঢাকা থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে । এমনটাই নিশ্চিত করেছেন মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাজাহান ভূঁইয়া সাজু। ৯ অক্টোবর ২০২২ রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম রাসেলের মাধ্যমে ই-মেইলে প্রেরণ করা হয় এই নোটিশ।
জানা গেছে, সেপ্টেম্বরে মিরর ম্যাগাজিন আয়োজিত ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নোরা ফাতেহির। সে জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে ১৫ লাখ রুপি অ্যাডভান্স করা হয় তাকে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা সেই ইভেন্টে অংশ নিতে পারেননি। এ অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার পক্ষ থেকে কোনো জবাব আসেনি। এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে নোরার ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন, যেটি মিরর গ্রুপের জন্য ‘অসম্মানজনক’।
এদিকে মিরর সংশ্লিষ্টরা জানতে পারেন, নোরা আগামী নভেম্বরে ‘গ্লোবাল অ্যাসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন। মূলত এই ইস্যুকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি ঢাকা থেকে লিগ্যাল নোটিশ পাঠায় মুম্বইয়ে নোরার ঠিকানায়। শাজাহান ভূঁইয়া সাজু আরও বলেন, আইনি নোটিশের মাধ্যমে আমাদের অর্থ ফেরত দিতে বলা হয় নোরাকে। সেটি পরিশোধের আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেওয়ার অনুরোধও করা হয়। নোরা সেটা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় মিররের পক্ষ থেকে। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মিরর গ্রুপের প্রধান শাজাহান ভূঁইয়া সাজু।