আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালি আওয়ামীলীগের উদ্যোগে দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন জাঁকজমকপূর্ণ পরিবেশে ইতালির রোমে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে কেক কেটে পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের বাংলাদেশী অধ্যুষিত তরপিনাত্তারাস্থ রসই রেস্টুরেন্টের হলরুমে ইতালি আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রব মিন্টুর পরিচালনায় জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপীয়ান আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি কেএম লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা বেগম হোসনে আরা। আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন, নজরুল ইসলাম মাঝি ও রোমের স্থানীয় সাংবাদিকগণ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নানামুখী উন্নয়নের কিছু কথা তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেখানে পৃথিবীর অনেক দেশ অর্থনৈতিক মন্দার ভারে জর্জরিত, সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো ইউরোপের অনেক দেশ থেকে ভালো। করোনাকালীন সময়ে পৃথিবীর অনেক দেশেই অর্থনৈতিক অবস্থায় মুখ থুবড়ে পড়েছিল সেসব দেশের কলকারখানা শিল্প প্রতিষ্ঠান, নানামুখী উন্নয়ন স্থবির হয়ে পড়েছিল কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে পদ্মা সেতু ইতিহাস রচনা করেছে পৃথিবীর মানচিত্রে। এত বড় বিশাল উন্নয়নে শুধুমাত্র প্রশংসিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নয় সারা পৃথিবীর বুকে শেখ হাসিনার নেতৃত্বের সরকার এবং বাংলাদেশ প্রশংসিত, সমাদৃত বাংলাদেশের উন্নয়নের।
প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের উন্নয়নে রীতিমতো শিহরিত, হিংসায় ফেটে পড়ছে প্রতিবেশী দেশগুলোর রাজনীতিবিদদরা আমরা অহংকার করি গর্ববোধ করি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে। যার বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষ মনোবল, প্রেরণা যোগায় আওয়ামীলীগের নেতাকর্মীদের। আমরা আগামীতে আওয়ামীলীগ নেতাকর্মীরা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করবো, ইতালি আওয়ামী লীগকে সুসংগঠিত রাখবো।
পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চেহারা পাল্টে দিয়েছে। প্রতিদিন লাখো মানুষ পদ্মা সেতুর উপরে অল্প সময় ব্যবসা-বাণিজ্য করবার জন্য চলাচল করছে। যেখানে ফেরি পারাপারে কয়েকদিন চলে যেত, খরচ হতো অনেক বেশি অর্থ। এই পদ্মা সেতুর কারণে শুধু বাংলাদেশ থেকেই মানুষ উপকৃত হচ্ছেনা প্রতিবেশী দেশগুলোও এই পদ্মা সেতু ব্যবহার করে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করছে।

বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়ন হয় সবচেয়ে বড় উন্নয়ন হলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, যার জিডিপি অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে আমাদেরকে। আমরাই নেত্রীর আস্থাভাজন। মঞ্চে উপবিষ্ট নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশের উন্নয়নে। অন্যথায় দেশের কুচক্রি মহল, যারা দেশের উন্নয়ন ভন্ডুল করতে চায়, দেশকে অস্থির, অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়, যেকোনো সময় আঘাত আনতে পারে। এ ব্যাপারে ইতালি আওয়ামীলীগকে সজাগ থাকতে হবে।
এ সময় আগামী ১৬/২৩ অক্টোবর জার্মানির সম্মেলনে যোগ দিতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও মোনাজাত করা হয়। তার দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।