মাইকেল জ্যাকবস-জুলিয়া লিকাজ, বার্লিন, জার্মানি:
১৯৭২ সালে দ্য ক্লাব অফ রোম প্রণীত রিপোর্টে সূচকীয় অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির সতর্কতা নতুন যুগের সূচনা করেছিলো। কিন্তু সেই সময়ে মূলধারার অর্থনীতিবিদরা ওই রিপোর্টটিকে ব্যাপকভাবে সমালোচনা করে বাতিল করেছিলেন। তখন এটা না ঘটলে, আজ দ্য লিমিটস টু গ্রোথ (The Limits to Growth) বইটি পড়ার প্রয়োজন হতো না।
পঞ্চাশ বছর আগের এক বসন্তে, বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী একটি বই প্রকাশিত হয়েছিল। ডোনেলা মিডোস এবং তার এমআইটি-এর সহকর্মীরা ক্লাব অফ রোমের জন্য লিখিত, দ্য লিমিটস টু গ্রোথ বইটি লিখেছিলেন। বইটিতে পূর্বাভাস দেওয়া হয়েছিলো যে, পরিবেশগত সম্পদের ব্যবহার এবং দূষণের প্রচলিত ধরণ অব্যাহত থাকলে বিশ্ব জনসংখ্যা এবং অর্থনীতিতে অনিয়ন্ত্রীত পতনের সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারা নতুন কম্পিউটার মডেল ব্যবহার করে দেখিয়েছেন যে সূচকীয় অর্থনীতির প্রবৃদ্ধি চিরকাল চলতে পারেনি। পরবর্তী ১০০ বছরের কোনো এক সময়ে, এটি অনিবার্যভাবে আমাদের পৃথিবীর সীমাবদ্ধ পরিবেশগত সামর্থ্যসীমার বিরুদ্ধে চলে যাবে। অর্ধ শতাব্দী পরে, আজ আমাদের উপর জলবায়ু ও পরিবেশগত সঙ্কটের সাথে, দ্য লিমিটস টু গ্রোথ বইটি দ্বারা শুরু হওয়া বিতর্কটি প্রতিশোধ নিয়ে ফিরে এসেছে।

১৯৭২ সালে বইটি প্রকাশিত হওয়ার পর অর্থনীতিবিদরা তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। তারা দাবি করেছিলেন যে, এর লেখকরা মৌলিক অর্থনীতি বুঝতে ব্যর্থ হয়েছেন। তারা যুক্তি দিয়ে দেখান যে, যদি একটি সম্পদ দুষ্প্রাপ্য হয়ে যায়, তবে এর দাম বাড়বে। অন্যান্য সংস্থানগুলি তখন এটির জন্য প্রতিস্থাপিত হবে এবং এটি আরও দক্ষতার সাথে ব্যবহার করা হবে। প্রযুক্তিগত উদ্ভাবন উন্নতির ফলে পণ্য বা সম্পদ উৎপাদনের প্রক্রিয়াকে নতুন, পরিচ্ছন্ন পদ্ধতির দিকে পরিচালিত করবে। এ কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বয়ংক্রিয়-সংশোধনের ফলে সামাজিক ব্যবস্থা ভেঙ্গে পড়বেনা। এটা বিশ্বের দেশগুলির জন্য দারিদ্র্য থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হিসেবে বিবচিত হবে।
মূলধারার অর্থনীতিবিদরা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, তারা দ্য লিমিটস টু গ্রোথ বইয়ের ব্যাখ্যা ভুল বলে আখ্যায়িত করেন। তাদের মধ্যকার একজন, জুলিয়ান সাইমন, পরবর্তী দশকে পাঁচটি ধাতুর দাম নিয়ে পরিবেশবাদী পল আর. এহরলিচের সাথে বাজি ধরেছিলেন। এহরলিচ বাজি ধরেছিলেন যে তাদের দাম বাড়বে কারণ তারা দুষ্প্রাপ্য হয়ে উঠবে, সাইমন ভবিষ্যতবাণী করেছিলেন যে তাদের জন্য অন্যান্য উপকরণ প্রতিস্থাপিত হওয়ায় তারা সস্তা হয়ে যাবে। সাইমন পাঁচটিতেই বাজি জিতেছেন।
কিন্তু প্রবৃদ্ধির সীমা বলতে যা বুঝায়, ধাতু বা জীবাশ্ম জ্বালানীর দুষ্প্রাপ্যতা আসলে তা নয়। পরিবেশগত অর্থনীতিবিদ নিকোলাস জর্জস্কু-রোজেন এবং হারম্যান ডেলি উল্লেখ করেছেন, বস্তুগত প্রবৃদ্ধির সীমাবদ্ধতার কারণ হল যে, পৃথিবীর জীবজগৎ দ্রুত বৃদ্ধি করতে পারে না। গাছপালার দ্রুত উৎপাদনের চেয়ে দ্রুত কেটে ফেললে বন উজাড় হবে। কৃষির জন্য আরও জমি সৃষ্টি করলে প্রাণী-প্রজাতিগুলি অদৃশ্য হয়ে যাবে। কার্বন-ডাই-অক্সাইড বায়ুম-লে শোষিত হওয়ার চেয়ে দ্রুত বৃদ্ধি পেলে পৃথিবী বেশি উত্তপ্ত হবে।

সাইমন তার দশ বছরের বাজিতে জিতে থাকতে পারেন, কিন্তু গত অর্ধ-শতক ধরে দ্য লিমিট টু গ্রোথ-এর ভবিষ্যদ্বাণীগুলি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে, জলবায়ুসহ মূল জীবন-সহায়ক ব্যবস্থার একটি পরিসরের জন্য আমরা দ্রুত এগিয়ে চলেছি, বা কিছু ক্ষেত্রে এখন আমরা আমাদের ‘গ্রহের সীমানা’ অতিক্রম করতে পারছি যার ফলে মানবতা নিরাপদে উন্নতি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মূলধারার অর্থনীতিবিদরা অবশ্যই এটি স্বীকার করেন। কিন্তু তারা লক্ষ্য করে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি জাতীয় আয় এবং উৎপাদন (জিডিপি) এর পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়। তবে এই সব সূচক এবং পরিবেশগত অবনতির মধ্যে কোন সরল সম্পর্ক নেই। পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহার এবং পণ্য থেকে পরিষেবাতে খরচ স্থানান্তর করার ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পরিবেশগতভাবে অনেক কম ক্ষতিকর করে তুলতে পারে। এর ফলে আমরা ‘সবুজ প্রবৃদ্ধি’ এর সাথে উচ্চ জীবনযাত্রার মান এবং একটি স্বাস্থ্যকর পরিবেশও লাভ করতে পারি। তাই বিগত এক দশকে, বিশ্বব্যাংক এবং OECD সহ সকল প্রধান বহুপাক্ষিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের অফিসিয়াল উদ্দেশ্য হয়ে উঠেছে সবুজ প্রবৃদ্ধি সৃষ্টি করা।
সাম্প্রতিক বছরগুলিতে ধনী দেশগুলির কার্বন নিঃসরণ প্রকৃতপক্ষে হ্রাস পেয়েছে, এমনকি তাদের অর্থনীতির আকারও বেড়েছে। কিন্তু পরিবেশগত ক্ষতি থেকে জিডিপি প্রবৃদ্ধির এই আপাত বিচ্ছিন্নতার বেশিরভাগই চীন এবং অন্যান্য উদীয়মান অর্থনীতিতে কার্বন নির্গমন স্থানান্তর করার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করা হয়েছে সে দেশগুলোতে, যে দেশগুলি এখন সবচেয়ে বেশি পণ্য উৎপাদন করে। এবং অন্যান্য অঞ্চলে বন উজাড়, মাছের মজুদ এবং মাটির ক্ষয় সাধন করার ফলে তা প্রতিকারে খুব কম ভূমিকা গ্রহণ করা হয়েছে। যেহেতু জলবায়ু পরিবর্তনের আন্তঃসরকারি প্যানেল এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ক্রমবর্ধমান হারে আবশ্যিক বলে সাথে সতর্ক করা সত্ত্বেও বিশ্ব এখনও পরিবেশগত বিপর্যয়ের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।

এটা এড়াতে আমাদের কি করতে হবে? পরিবেশবাদীদের ক্রমবর্ধমান বিশিষ্ট গোষ্ঠীর কাছে উত্তরটি সুস্পষ্ট। আর তা হল উন্নত অর্থনীতির দেশগুলিকে ক্রমবর্ধমান প্রবৃদ্ধিকে বন্ধ করে চুক্তি করা শুরু করতে হবে। জেসন হিকেল এবং গিওরগোস ক্যালিসের মতো লেখকরা বলেন, শুধুমাত্র ‘প্রবৃদ্ধির অবনমন’ (Degrowth) ঘটিয়ে বিশ্বকে তার পরিবেশগত উপায়ে বসবাস করতে সক্ষম করতে পারে এবং দরিদ্র দেশগুলির বিকাশের জন্য যথেষ্ট সম্পদ তৈরী করা যেতে পারে।
অধিকন্তু, প্রবৃদ্ধির অবনমন সমর্থকদের যুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধুমাত্র পরিবেশগতভাবে টেকসই নয়, আমাদেরকে আরও সচেতন করতেও ব্যর্থ হয়। তারা পর্যবেক্ষণ করে দেখিয়েছেন যে, ধনী দেশগুলিতে জিডিপি’র প্রবৃদ্ধি, ব্যাপক বৈষম্য এবং ক্রমবর্ধমান মানসিক অসুস্থতা সহ একাধিক সামাজিক সমস্যা তৈরির জন্য দায়ী।
আশ্চর্যজনকভাবে, সবুজ প্রবৃদ্ধি এবং প্রবৃদ্ধির অবনমন প্রবক্তাদের মধ্যে অর্থনৈতিক বিতর্কটি পুঁজিবাদী ও এর বিরোধী মতাদর্শের মধ্যে একটি রাজনৈতিক যুক্তি হিসেবে বিবেচিত। আংশিকভাবে এই কারণে, একটি তৃতীয় অবস্থান- ‘উত্তর বৃদ্ধি’ (Postgrowth) বিষয়টি সাম্প্রতিক বছরগুলিতে আবির্ভূত হয়েছে।
উত্তর-প্রবৃদ্ধির অর্থনীতির সমর্থকরা জিডিপিতে মনোযোগ দেওয়ার জন্য সবুজ প্রবৃদ্ধির সমর্থক এবং প্রবৃদ্ধির অবনমন সমর্থক-উভয়েরই সমালোচনা করেন। যেহেতু জিডিপি পরিবেশগত অবক্ষয় বা সামাজিক কল্যাণ পরিমাপ করে না, তাই এর বৃদ্ধি বা অবনতি কোনোটাই প্রাথমিকভাবে অর্থনৈতিক লক্ষ্য হওয়া উচিত নয়। OECD -এর জন্য প্রণীত একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃস্থানীয় অর্থনীতিবিদদের একটি প্যানেল যুক্তি দেয় যে, অর্থনৈতিক নীতির পরিবর্তে সমাজের সর্বোচ্চ উদ্দেশ্যগুলির উপর ফোকাস করা উচিত- যা আজ ধনী দেশগুলিতে পরিবেশগত স্থায়িত্ব, ভালো থাকার উন্নয়ন সাধন, বৈষম্য হ্রাস করা এবং বৃহত্তর অর্থনৈতিক স্থিতিস্থাপকতা তৈরি করতে পারে।
যেহেতু এই উদ্দেশ্যগুলির কোনটিই আর অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বারা নিশ্চিত করা যায় না, তাই নীতিনির্ধারকদের সরাসরি লক্ষ্য করার জন্য ‘প্রবৃদ্ধির বাইরে’ যেতে হবে। ডোনাট ইকোনমিক্সের লেখক কেট রাওয়ার্থ যেমন বলেছেন, আমাদের ‘প্রবৃদ্ধি-অজ্ঞেয়বাদী’ হওয়া উচিত।
উত্তর প্রবৃদ্ধি ধারণার উত্থানের একটি মূল কারণ হল সাম্প্রতিক বছরগুলিতে উন্নত অর্থনীতি দেশগুলি প্রবৃদ্ধি পেতে সমস্যায় পড়েছে। জিডিপিতে পূর্বে স্বাভাবিক ২-৩% বার্ষিক বৃদ্ধি অনেকাংশে নাগালের বাইরে ছিল, এমনকি সামান্য প্রবৃদ্ধি শুধুমাত্র অতি-নিম্ন সুদের হার এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থের বিশাল ইনজেকশনের মাধ্যমে টিকে ছিল।
এটা কেন হয় তা নিয়ে অর্থনীতিবিদরা ধাঁধায় আছেন। কিন্তু সাম্প্রতিক অর্থনৈতিক মন্থরতা অবশ্যই পরিবেশনীতির দ্বারা আনা নিম্ন হারের প্রবৃদ্ধির চিন্তা করা সহজ করে তুলেছে। পৃথিবীর জলবায়ু এবং পরিবেশের উপর অর্থনীতির ধ্বংসাত্মক প্রভাব রোধ করার অপ্রতিরোধ্য অগ্রাধিকার স্বীকার করার জন্য কাউকে পরিবেশবাদী হওয়ার দরকার নেই।
The Limits to Growth বইটিকে অর্ধ শতাব্দী আগে ব্যাপকভাবে উপেক্ষা করা হয়েছিল। এটা না ঘটলে, আজ আর আমাদের বিতর্কের প্রয়োজন হতো না।
মাইকেল জ্যাকবস: শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক, Growth, Degrowth or Post-Growth? এর সহ-লেখক (নতুন অর্থনীতির জন্য ফোরাম, ২০২২)।
জুলিয়া লিকাজ: বার্লিনের ফোরাম নিউ ইকোনমির অর্থনীতিবিদ, GGrowth, Degrowth or Post-Growth? এর সহ-লেখক (নতুন অর্থনীতির জন্য ফোরাম, ২০২২)।
স্বত্ত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: শহীদ রাজু।