ক ম জামাল উদ্দীন: কক্সবাজারস্থ হোটেল আল গনি ব্যাংকুইট হলে কলম একাডেমি লন্ডন কক্সবাজার জেলা কমিটির এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি, আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার, কক্সবাজারের সংবাদ অনুবাদক ও লেখক আজাদ মনসুরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বে-ওয়ান্ডার হোটেলের স্বত্তাধিকারী ও কলম একাডেমি লন্ডন কক্সবাজার জেলার সভাপতি গীতিকবি আবদুল হাকিম।
প্রধান অতিথি ছিলেন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা সাহিত্যের বাতিঘর খ্যাত প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। এতে স্বাগত বক্তব্য রাখেন, কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগের সভাপতি শিশু সাহিত্যিক এস এম কুতুবউদ্দিন বখতেয়ার।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগের সাধারণ সাধারণ কবি, প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এডভোকেট জি এ এম আশেক উল্লাহ, বিশিষ্ট বাচিকশিল্পী, কবি, এডভোকেট নুর মোহাম্মদ, কবি সিরাজুল কবির বুলবুল, কবি নিধু ঋষি, কবি এম এরশাদুর রহমান ও চট্টগ্রাম বিভাগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা কবি পারভীন আকতার, সাংগঠনিক সম্পাদক কবি আলমগীর হোসাইন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি আবু সুফিয়ান চানুবী, দপ্তর সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সহ প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী তাঁর বক্তব্যে বলেন, এই সংগঠনটি সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে। কলম একাডেমী লন্ডন বাংলা ভাষার প্রচার প্রসারে যে ভুমিকা রাখছে তিনি তার প্রশংসা করে আরো বলেন এটি অন্য সাহিত্য গ্রুপের মতো কোন সংগঠন নয়, এটি বিশ্বময় সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন। কলম এখন একটি প্রতিষ্ঠান। ‘অক্ষরে অমরতা’ শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। গত ১০ বছর ধরে সাহিত্যের মাধ্যমে বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠন। তিনি কক্সবাজার জেলা সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানান ও আন্তরিক হয়ে সকলকে কাজ করার আহবান জানান।
প্রধান আলোচক মো: কামরুল ইসলাম বলেন, বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠন, বিশ্ব জুড়ে এক অনুপম ভ্রাতৃত্ব সৃষ্টি করেছে। তিনি আরও বলেন লেখক সমাজের চক্ষু, জাতির বিবেক। লেখক বুকের রক্ত কালি করে বিশ্বশান্তির জন্য লিখেন। তাঁরা জাতির অহংকার। ইতিহাস ও ঐতিহ্যের রূপকার। তাঁরাই আজ বর্তমান সমাজে চরম অবহেলিত, কখনো ক্ষুধার্ত। তিনি বলেন, কলম একাডেমি লন্ডন ইতিমধ্যে লেখকদের ১০ দফা দাবি সরকারের নিকট তুলে ধরেছে। তিনি আরো বলেন, আমরা আশা করছি সরকার আমাদের লেখকদের দাবি সমুহ মেনে নেবেন। তিনি এই সাহিত্য ও মানবিক সংগঠনে সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান। পরিশেষে সভাপতি তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান।