জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লেবার দলের জয় ছিনিয়ে আনতে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজোয়ানা সিদ্দিক।
যুক্তরাজ্যে আগামী মে মাসে স্থানীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ১০ এপ্রিল ২০২২, রবিবার দুপুরে লন্ডনের ক্রয়োডন কাউন্সিলের সেলহাস্ট এলাকা থেকে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসলামের পক্ষে প্রচারণায় নামেন তিনি।
এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ব্রিটেনজুড়ে লেবার পার্টির সব প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। স্মৃতিচারণ করে জানান, তার নিজের ও তার ভাইয়ের জন্ম এই সাউথ লন্ডনে। মিচাম এলাকায় থাকতেন তারা।
ব্রিটেনের জাতীয় নির্বাচনে নিজের হ্যাটট্রিক জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলীয় প্রার্থীদের জয়ের বন্দরে পৌঁছে দিতে চান টিউলিপ। তাই প্রতিদিন সকাল-সন্ধ্যা কাজ করে যাচ্ছেন নির্বচানী মাঠে। রোববার দুপুরে লন্ডনের ক্রয়োডন কাউন্সিলের সেলহাস্ট এলাকা থেকে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসলামের নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন করেন টিউলিপ।
মোহাম্মদ ইসলামের জন্য ভোট চেয়ে তিনি বলেন, মোহাম্মদ ইসলামের মতো মানুষেরা আমাদের কমিউনিটির অহংকার। তারা এই কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ পরিচালনায় লেবার দলীয় জনপ্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতির মঞ্চে টিউলিপ সিদ্দিকী ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন। বিশেষ করে ব্রিটিশ ইরানি দ্বৈত নাগরিক নাজনীন জাঘারি র্যাটক্লিফের ইরানের কারাগার থেকে মুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য নিজ দলীয় এমপিরাও তার প্রশংসা করছেন প্রতিনিয়ত।
ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বেশ শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংসদে তার বলিষ্ঠ কন্ঠস্বর প্রশংসিত হয়েছে বারবার। শুধু ব্রিটিশ বাংলাদেশীই নয়, অভিবাসী জনগোষ্ঠীর নতুন প্রজন্মের আইকন হিসেবে বেশ পরিচিত তিনি।
ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ রেজোয়ানা সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে।
এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেনের কাউন্সিলর নির্বাচিত হন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির সন্তান টিউলিপ দুই সন্তানের জননী।