হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশে শিক্ষক হৃদয় মন্ডলকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষক লতা সমদ্দারকে পুলিশ কর্তৃক টিজিং সহ সকল শিক্ষক ও মন্দিরে হামলা, ভাংচুর ও হিন্দু নির্যাতনের জানানো হয়। ৯ এপ্রিল ২০২২ সন্ধ্যা ৬টায় ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ’র প্রধান সমন্বয়কারী লেখক শিতাংশু গুহ এর সভাপতিত্বে ও শ্যামল কর এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রনবীর বড়ুয়া, প্রদীপ মালাকার, নিতাই নাথ, বিষ্ণু গোপ, দীনেশ মজুমদার, উত্তম কুমার সাহা , সুজিত কুমার গুহ, প্রদীপ সূএধর , সুতিপা চৌধুরী, জলি সাহা, রীতা নাথ, মোহিত মিত্র, আশিস সরকার প্রমুখ

সমাবেশে বক্তারা বলেন, যদি সরকার নির্লজ্জ না হয়, এবং সরকারের দেশ চালানোর ক্ষমতা থাকে, যদি বাংলাদেশের আদালতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস এবং শিক্ষকের মর্যাদা অক্ষুন্ন রাখতে চায়, তাহলে অবিলম্বে শিক্ষক হৃদয় মন্ডলকে মুক্তি ও তাদের প্রতি অসম্মান করা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ সকল হিন্দু নির্যাতন বন্ধের নির্দেশ দেয়া হোক। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সময় ও হিন্দু নির্যাতন, মন্দির ভাংচুর, হামলা-লুটপাটের ঘটনা বেড়েই চলেছে। বক্তারা বলেন, মন্দিরে হামলা-ভাংচুর এবং প্রতিমা তুলে নেয়ার মতো ঘটনা ঘটেছে। বক্তারা ঘটনার নিন্দা দুষ্কৃতকারীদের গ্রেফতার করে সংখ্যালঘু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা হিন্দু নির্যাতনবিরোধী নানা শ্লোগান দেন। অবশ্য ইতিমধ্যে শিক্ষক হৃদয় মন্ডল জামিনে মুক্তি পেয়েছেন।