প্রবাস মেলা ডেস্ক: কথায় বলে, মায়ের চেয়ে নাকি মাসির দরদ বেশি! বড়পর্দায় এবার মাসি-বোনঝির সম্পর্কের রসায়ন ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক।
সদ্য মুক্তি পেল মৈনাকের আগামী ছবি ‘মিনি’র ট্রেলার। ছবিতে তিতলির ভূমিকায় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘তিতলি’ মাসির বোনঝি ‘মিনি’র চরিত্রে অভিনয় করেছেন অয়ন্না চট্টোপাধ্যায়।
মৈনাকের সিনেমায় ভিন্ন স্বাদের নারীকেন্দ্রিক কাহিনিই প্রাধান্য পায়। ‘মিনি’-তেও তার অন্যথা হয়নি। একদিকে সম্পর্কের টানাপোড়েনের কারণে মায়ের প্রবল শাসন ‘মিনি’কে, অন্যদিকে মাসির সঙ্গে দুষ্টু মিষ্টি সম্পর্ক তার। মাসির সঙ্গে সারাদিন খুনসুটি যেমন করে, তেমনই দিদার প্রবল প্রশ্রয় পায় সে। তবে সিনেমায় শুধুমাত্র মাসি-বোনঝির মিষ্টি সম্পর্কের রসায়ন ফুটিয়ে তোলা হয়নি। সম্পর্কে তিক্ততা, বিচ্ছেদ, এবং পরিবারের নানা দায়দায়িত্বের প্রেক্ষাপটেই তৈরি ‘মিনি’।
মায়ের বিবাহবিচ্ছেদের কারণে মাসির কাছে থাকে মিনি। তার খেয়াল রাখার দায়িত্ব তিতলির। এদিকে সে নিজেই ভীষণ অগোছালো। অফিসের চাপ এবং সম্পর্কের কারণে সে নিজেও টালমাটাল অবস্থার মধ্যে থাকে। সেখানে কীভাবে সে মিনিকে সামলাবে। কীভাবে তারা একে অপরের বন্ধু হয়ে উঠবে? সেই কাহিনিই ফুটিয়ে তোলা হয়েছে ‘মিনি’-তে। ছবিতে মিঠু চক্রবর্তী, কমলিনী বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক, রুদ্রজিৎ মুখার্জিদের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।