প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন তিনি।
দেশের পাশাপাশি টালিউডের ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থাও। তবে শুটিংয়ের লাইট-ক্যামেরা ও অ্যাকশনে নিজেকে সব সময় মেলে ধরলেও, ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজকর্মিও বটে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে তিনি বরাবরই থাকেন।
৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত একটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন এই অভিনেত্রী।
এর ধারাবাহিকতায় জানা যায়, ৫ এপ্রিল (মঙ্গলবার) ছিল ববির বাবা মরহুম কে এম ইমামুল হকের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। আর এ জন্যই বাবার জন্য দোয়া ও মোনাজাতের অংশ হিসেবেই ঐদিন বিকেলে মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত ‘মিফতাহুল উলূম মাদ্রাসা’য় হাজির হন তিনি।
সেখানে দোয়ার পাশাপশি ৫০ জনের অধিক এতিম শিশুর সঙ্গে ইফতারও করেন এই চিত্রনায়িকা। আর এই কথা সবাইকে জানান নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে ছবি গুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! কী যে শান্তি তাদের সাথে’।
চিত্রনায়িকা ববির এমন উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। এমনকি প্রশংসা করেছেন নেট মাধ্যমে।