প্রবাস মেলা ডেস্ক: জাতীয় চলচ্চিত্র দিবস আজ (রোববার)। ১৯৫৭ সালের ২৭ মার্চ প্রাদেশিক পরিষদে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিল পেশ করেন তৎকালীন শিল্পমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিলটি পাস হয় আজকের এ দিনে (৩ এপ্রিল)। দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা হয় ২০১২ সালে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য এটি বিশেষ দিন। প্রতিবছর বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয় জাতীয় চলচ্চিত্র দিবস। এবারও রাখা হয়েছে বিভিন্ন আয়োজন। তবে রমজানের কারণে ছোট করা হয়েছে এবারের আয়োজন।
দিনব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আয়োজনের মধ্যে রয়েছে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি। ১০টা ৩০ মিনিটে এফডিসির ভিআইপি প্রজেকশন হলে আলোচনা সভা।
আলোচনা সভায় উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
২০১২ সাল থেকে উদযাপন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। বর্ণিল সাজ আর নানা আয়োজনে মুখর থাকে চলচ্চিত্রের আঁতুড় ঘর। গেল বছর করোনার কারণে বন্ধ ছিল আয়োজন।