মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া থেকে: আগামী এক বছরের জন্য বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া বিএসইউএমে’র এর নতুন কমিটি গঠিত হয়েছে। ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার ভার্চুয়াল এক সভার মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়।
মির্জা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো: বোরহান উদ্দিন। করোনা মহামারীর কারণে গতবারের ন্যায় এবারের আয়োজনটি ও ছিল সম্পূর্ণ অনলাইনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইউএমের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এক্সট্রা অর্ডিনারী কমিটির প্রধান ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি। উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন মাহসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিএসইউএমের উপদেষ্টা আবুল বাশার, উপদেষ্টা ড. জাহিদুল ইসলাম, উপদেষ্টা সুরাইয়া নাহার, সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সাবেক সভাপতি বাশির উদ্দীন, সাবেক সভাপতি ড. ফয়জুল হক, সাবেক সভাপতি জহির সাদাতসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটিতে ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী আলমগীর চৌধুরী আকাশকে সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলরে অধ্যয়নরত মুহাম্মাদ নাসিম আরাফাতকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বিএসইউএম কাউন্সিল ২০২২ এ নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কে শপথ বাক্য পাঠ করান বিএসইউএমের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এক্সট্রা অর্ডিনারী কমিটির প্রধান ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি।
আলমগীর চৌধুরী আকাশ ২০২১ সালের কমিটি’র সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ও তিনি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস সোসাইটি আই আই ইউ এম ( IIUM) এর নির্বাচিত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসিম আরাফাত ২০২১ সালের বিএসইউএম’র কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভায় আমন্ত্রীত অতিথিরা মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশিদের একই ছাতার নিচে এনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় ভূমিকা রাখার জন্য বিএসইউএমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়ন করে দেশের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা আগামী ৭ দিনের মধ্যে নব নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা এক্সট্রা অর্ডিনারী কমিটির কাছে উপস্থাপনের জন্য অনুরোধ করেন।
নবনির্বাচিত সভাপতি আলমগীর চৌধুরী আকাশ, বিএসইউএমের সদস্যদের দেশ ও জাতির প্রতি অনেক দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২০ হাজার ছাত্রছাত্রীদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশি শিক্ষার্থীদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সেমিনার, ক্যারিয়ার ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে।