শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১তম বার্ষিকী উদ্যাপিত হয়েছে। ২৬ মার্চ ২০২২, শনিবার নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি উদ্যাপন করে বাংলাদেশ দূতাবাস।
এদিন সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্যাপন কর্মসূচি শুরু হয়। এরপর প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতৃত্ব দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।
এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর আলোচনা সভা হয়। এতে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স্বাধীনতা দিবসের বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
সন্ধ্যায় রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানের সভাপতিত্বে দূতাবাসে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।
এ সময় প্রবাসী, বিশিষ্টজনরা, কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের বিশেষ তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত আশিকুজ্জামান।
এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।