হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ চলে গেলেন দেশের আলোচিত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান। হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ১৪ মার্চ ২০২২ সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে তার মেয়ে বিন্দি রহমান জানিয়েছেন। মৃত্যুকালে আজিজুর রহমানের বয়স হয়েছিল ৮২ বছর। বিন্দি রহমান কানাডা থেকে বলেন, নানা জটিলতা নিয়ে মাস খানেক ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মাঝে কিছুদিন আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতিও ঘটেছিল। হার্ট অ্যাটাকের পর বাবার আর ফিরলেন না। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’ নির্মাণ করে খ্যাতি পেয়েছেন আজিজুর রহমান।

উল্লেখ্য, ছুটির ঘণ্টা ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি শিশুতোষ চলচ্চিত্র। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে তালাবদ্ধ হয়ে আটকে পড়ে একটি ১২ বছর বয়সের ছাত্র। আর তালাবদ্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতিক্ষার মধ্য দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনই একটি করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে। আজিজুর রহমানের সেই চলচ্চিত্রায়ণ কাঁদিয়েছিল বহু মানুষকে। ছুটির ঘণ্টা ছাড়াও আজিজুর রহমানের তৈরি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’। বেশ কিছু দিন ধরেই চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলেন আজিজুর রহমান। করোনাভাইরাস মহামারী শুরুর আগে কানাডায় মেয়ের কাছে গিয়েছিলেন তিনি। বিন্দি রহমান জানান, তার বাবার মরদেহ কানাডা থেকে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। জন্মস্থান বগুড়ার সান্তাহারের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রূপচান প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক ছিলেন আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি । তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে। কর্মজীবনে আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।