প্রবাস মেলা ডেস্ক: ঢাকায় এসেছেন বলিউড তারকা সানি লিওন। তার ভেরিফায়েড ফেসবুক পেজ তা-ই বলছে। ১২ মার্চ ২০২২, শনিবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন সানি। তাতে এয়ারপোর্টে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা, সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।
পরে আরেকটি পোস্ট করেছেন নীল দুনিয়া থেকে বলিউডে অবস্থান নেওয়া এ অভিনেত্রী। তাতে সংগীতশিল্পী তাপস, সানি লিওনের স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।’ এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি।
পোস্ট থেকে ধারণা করা যাচ্ছে, কোনো ইভেন্টে অংশ নেওয়ার জন্য ঢাকায় এসেছেন সানি লিওন। কিন্তু ঠিক কিসের জন্য এসেছেন তা জানা যায়নি।
সানি লিওনের ঢাকায় আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পাবলিকেশন্স ম্যানেজার ইব্রাহিম। জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যা। সানি ঢাকায়। কিন্তু কেন সেটা আমি জানি না।’
তাপসের গান বাংলা টেলিভিশনের মুখপাত্র রুদ্র হক জানান, ‘আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমাদের সিইও’র (তাপস) সঙ্গে সানি লিওন আগে কাজ করেছেন। ছবিটি আগেরও হতে পারে। এটি ফানও হতে পারে।’
এদিকে সেলিম খান প্রযোজিত ‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন সানি লিওন। ২ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।
পরে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৯ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
ঠিক কী কারণে বাতিল করা হয়েছে সানি লিওনের অনুমতি, তা জানা যায়নি। তবে অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কর ওয়েভার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকা। দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।