প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক লেনদেন প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড রাশিয়াতে তাদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। ৫ মার্চ ২০২২, শনিবার তারা জানায়, রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ায় এই দুই সেবা ব্যবহার করে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধে গ্রাহক ও অংশীদারদের সাথে কাজ করার কথা জানিয়েছে তারা।
ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাল কেলি এক বিবৃতিতে জানান, কয়েকদিনের মধ্যেই ভিসা কার্ড ব্যবহার করে রাশিয়ায় সব ধরনের লেনদেন বন্ধ করে দেয়া হবে। ‘কোন ধরনের উসকানি ছাড়াই রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি’, বলেন তিনি।
গত সপ্তাহেই রাশিয়ান ব্যাংকের ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ডের লেনদেন বন্ধ করে দেয়ার আহবান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্ত রাশিয়ার বাসিন্দাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কেননা, রাশিয়ার ভেতরে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করে দেশটির সরকার। এর ওপর বিদেশি সিস্টেমের কোনো হাত নেই।
তবে রাশিয়াতে ইস্যু করা কার্ড রাশিয়ার বাইরে, এবং বিদেশে ইস্যু করা কার্ড রাশিয়ার ভেতরে কাজ করবে না বলে জানানো হয়েছে। এদিকে ভিসা ও মাস্টারকার্ডের এ সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে এর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার মুখে এ সিদ্ধান্ত রাশিয়ানদের জন্য আরও সমস্যার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে ছয়শ’ বিলিয়ন ডলারের সম্পদের অনেকাংশই জব্দ করা হয়েছে।
এছাড়াও রাশিয়ার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান পেপ্যাল।