প্রবাস মেলা ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ১৯৪ জন। পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ অসিম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি আরও জানান, আহত কয়েকজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (৪ মার্চ) জুমার নামাজের সময় কুচা রিসালদার শিয়া মসজিদে এ বিস্ফোরণ হয়েছে বলে পাকিস্তান পুলিশ নিশ্চিত করেছে।
পাকিস্তানের পুলিশ অফিসার মো. সাজ্জাদ খান আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেন, আমরা একটি জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। অনেকেই হতাহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা। আমরা এ বিষয়ে তদন্ত করছি।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে আইএস কিংবা তালেবানের কেউ এই হামলা চালাতে পারে।
খাইবার পাখতুনয়া প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ জানান, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা। এই হামলায় দুই সন্ত্রাসী যুক্ত ছিল বলে জানান তিনি।
মূলত পেশওয়ার আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি শহর। এর আগেও তালেবান শহরটির বিভিন্ন স্থানে হামলা চালায়।
হামলার সময়ে একজন প্রত্যক্ষদর্শী শায়ান হায়দার বলেন, ‘আমি মসজিদে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সহসা বোমা বিস্ফোরণে আমি মসজিদ প্রাঙ্গণ থেকে ছিটকে রাস্তায় পড়ে যাই। চোখ খোলার পরে চারদিকে কেবল ধোঁয়া ও বিক্ষিপ্তভাবে ছড়ানো মানুষের অচেতন দেহ দেখতে পাই।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। সুন্নী অধুষ্যিত পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপরে এ ধরনের হামলা দেখা যায়।