শরীফ মুহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে কুয়েত সরকার। দীর্ঘ দুই বছর পর আগামী ১৩ মার্চ থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েত মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে জানানো হয়, আগামী ১৩ মার্চ থেকে সরকারি অফিসে শতভাগ কর্মচারী উপস্থিতি, পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ক্ষমতায় যাত্রী পরিবহনসহ বিদেশ থেকে কুয়েতে আগমনকারী যাত্রীদের দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলে পিসিআর টেস্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
এমনকি টিকা না নেওয়া ব্যক্তিদের শপিং মল, সিনেমা হল, থিয়েটার ও সামাজিক অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যারা এখনো ভ্যাকসিন নেয়নি, তাদেরও ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। বিমানে শতভাগ যাত্রী বহনের অনুমতি দিয়েছে কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পাকিস্তানের জলসীমায় ঢুকতে পারল না ভারতীয় সাবমেরিন
সরকারের সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে স্বাভাবিক জীবনযাপনে স্বস্তি ফিরবে।
বিশ্বব্যাপী মহামারি সংকট পর্যবেক্ষণসহ টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে নজরদারি থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার জন্য বারবার টিকা দেওয়ার প্রয়োজন নেই জানিয়ে একে সাধারণ ফ্লু হিসেবে চিকিৎসা করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসককরা। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।