প্রবাস মেলা ডেস্ক: বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বাংলাদেশ অভিনয় সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার একটি ভিডিও শেয়ার করেন ডলি জহুরের। ক্যাপশনে লেখেন: ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশন ঠিক আছে। সব পরীক্ষা-নিরীক্ষা করার পর আগামীকাল বোঝা যাবে সবকিছু। আপনারা সবাই দোয়া করবেন। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।’
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় ডলি জহুর। তিনি মাস্কপরা অবস্থায় বলছেন, ‘আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠব।’
দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারিতে ঢাকায় ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখানে পুত্র-পুত্রবধূ এবং নাতি-নাতনির সঙ্গে দারুণ সময় কাটান এই অভিনেত্রী।