প্রবাস মেলা ডেস্ক: দেশে তো জনপ্রিয়তার তুঙ্গেই, ওপার বাংলাতেও যেন বেশ প্রিয় একটা মানুষ অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়েছেন অনেক আগেই, বিদেশেও অবাধ চলাচল যার তিনি এবার পেলেন সেরা অভিনয় শিল্পীর পুরস্কার।
কলকাতার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পান জয়া আহসান। জয়ার হাতে পুরষ্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন জয়া আহসান। ১৩ ফেব্রুয়ারি ২০২২ রাতে পুরস্কার গ্রহণের সেইসব ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন এই অভিনেত্রী।
ফেসবুকে লিখেছেন, ‘সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা’। এছাড়াও, ২০১৭ সালেও বিসর্জনে অভিনয়ের জন্যও পুরস্কার পেয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
কলকাতার সিনেমায় জয়জয়াকার ছাড়াও জয়ার ঝুলিতে আছে একাধিক আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার, জি সিনে পুরস্কার, টেলি সিনে পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার।
বর্তমানে জয়া এখন ব্যস্ত কলকাতায়, সুমন মুখোপাধ্যায় নির্মিত পুতুলনাচের ইতিকথা ছবিটির শুটিং নিয়ে।