প্রবাস মেলা ডেস্ক: শলজ প্রশাসনের নেওয়া করোনা নীতির বিরোধিতা করে বিক্ষোভে উত্তাল জার্মানির বিভিন্ন অঞ্চল। করোনার বিধিনিষেধের নামে অতিরিক্ত কড়াকড়ি আরোপসহ টিকা গ্রহণে সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সমাবেশ করে বেশ কয়েকটি সংগঠন।
জার্মানিতে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না করোনা বিরোধী জনসমাবেশ কিংবা বিক্ষোভ। শনিবারও দেশটির বড় বড় শহর উল্ম, মেনিংগেন, সান্ট পাউলি, হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট ও রাজধানী বার্লিনে গাড়ি শোভাযাত্রা ও পায়ে হাঁটা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।
বরাবরের মতোই করোনাবিরোধী সমাবেশে ছিল না মাস্কের কোনো চিহ্ন, ছিল না কোনো সামাজিক দূরত্বও। সমাবেশকারীরা তাদের বক্তৃতায় সরকারের বিভিন্ন নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, করোনার টিকা দেওয়ার নামে সাধারণ মানুষের শরীরকে গিনিপিগ বানিয়ে তা নিয়ে প্রতিনিয়ত খেলে যাচ্ছে সরকার। যা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ বলেও অভিযোগ করেন তারা। তাই করোনার সকল নীতি তুলে না নিলে সরকারের পতন ঘটানোরও হুমকি দেন তারা।
জার্মানিতে এখন পর্যন্ত এক কোটি ৯ লাখ করোনা সংক্রমণের সঙ্গে মারা গেছেন এক লাখ ১৯ হাজার মানুষ।
এদিকে ওমিক্রনের সংক্রমণের উর্ধ্বগতির মধ্যেও প্রতিবেশী দেশ চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইডেন, ইতালি ও ফিনল্যান্ড করোনার চলমান কড়াকড়িতে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে।