প্রবাস মেলা ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা আক্রান্ত হয়েছেন। ৩১ জানুযারি ২০২২, সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান। জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে আমি কোভিড-১৯ শনাক্ত হয়েছি। আমি ভালো বোধ করছি। এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। অনুগ্রহ করে সবাই টিকা নিন। বুস্টার ডোজ নিন।
এদিকে বিশ্বের দেশে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে টিকা ও বিধি-নিষেধ বিরোধী বিক্ষোভ। সরকারের বেঁধে দেওয়া কঠোর নিয়মনীতির বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে এখনো চলছে বিক্ষোভ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় দেশটির প্রধানমন্ত্রী জস্টিন ট্রুডো ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এছাড়া ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স এবং অস্ট্রিয়াও।