জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ব্রিটেন যাওয়ার পথে নৌকাডুবে এক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এসময় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ৩০ জনকে। কর্তৃপক্ষ জানায়, অভিবাসন প্রত্যাশীদের সবাই ফ্রান্স থেকে ব্রিটেন যাচ্ছিলেন। রাতের অন্ধকারে ক্যালে বন্দর থেকে যাত্রা শুরু করলে প্রতিকূল আবহাওয়া এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে একসময় নৌকাটি ডুবে যায়।
এসময়, সাগরে ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফরাসি কোস্টগার্ডের সদস্যরা। অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। মারা যাওয়া ব্যক্তি সুদানের নাগরিক বলে নিশ্চিত করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। সাগরে প্রচণ্ড ঠাণ্ডায় তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। উদ্ধারকৃতদের উপকূলবর্তী একটি আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।