প্রবাস মেলা ডেস্ক: চলতি বছরে চার লাখ এক হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিয়েছে কানাডা। দেশটিতে গেল একশ বছরের মধ্যে এই প্রথম বিপুল সংখ্যক অভিবাসীকে স্থায়ীভাবে থাকার সুযোগ দেওয়া হয়েছে। আগামী বছর এই সংখ্যা আরও বাড়ানো হবে।
যারা অস্থায়ীভাবে বসবাস করে আসছেন, তাদের দিকে গুরুত্ব দিয়েই এই অভিবাসন সুবিধা বলে ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার উত্তর আমেরিকার দেশটির অভিবাসনবিষয়কমন্ত্রী সিয়ান ফ্রাসের এমন খবর দিয়েছেন।
নিজেদের অর্থনীতিকে সচল রাখতে ও জনসংখ্যা বাড়াতে অভিবাসীদের ওপর নির্ভর করতে হচ্ছে কানাডাকে। গেল বছর করোনা মহামারির কারণে স্থায়ী অভিবাসনের সংখ্যা ৪৫ শতাংশ কমে এক লাখ ৮৫ হাজার হয়েছিল। তবে এ বছর যাদের স্থায়ীভাবে বসবাসের অনুমোদন দেওয়া হয়েছে, তাদের বড় অংশ আগে থেকেই দেশটিতে অস্থায়ী বসবাস করে আসছিলেন।
অভিবাসনমন্ত্রী বলেন, গত বছর আমরা একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। এবার তা অর্জনে সফল হয়েছি। ২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান জাস্টিন ট্রুডো। তিনি ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন সুবিধা বাড়িয়েছেন। এ সংক্রান্ত একটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছেন তিনি। কানাডার অভিবাসন নীতি অনুসারে, প্রতিবছর দেশটির মোট নাগরিক অনুপাতে ১ শতাংশ মানুষকে অভিবাসন সুবিধা দেওয়া হবে। কানাডার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৮ লাখ। এ হিসাব অনুসারে প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার অভিবাসী নেওয়ার কথা কানাডার। তবে প্রতিবছর এ সংখ্যা বাড়াচ্ছে কানাডা সরকার।
নতুন ঘোষণায় বলা হয়েছে, আগামী বছর ৪ লাখ ১১ মানুষকে কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে।