প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের নতুন ইতিহাস। অবশেষে টেস্টে নিউজিল্যান্ডকে হারালো টাইগাররা। ৮ উইকেটে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।
শেষ দিন ব্যাট করতে নেমে ১০.৪ ওভারে বাকি ৫ উইকেট হারায় কিউইরা। অলআউট ১৬৯ রানে। ইনিংসে ৬ উইকেট নিয়েছেন এবাদত হোসেন। ৯ বছর পর টেস্টে ৫ উইকেট পেয়েছেন কোনো বাংলাদেশি পেসার। মাত্র ৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সাদা জার্সি আর লাল বলের টেস্টটাই বছরের শুরুটা রঙিন করে দিল বাংলাদেশকে। যে দেশে বারবার ব্যর্থতার গল্প লেখা হয়েছে সেখানে অপেক্ষাকৃত কম অভিজ্ঞতার এই বাংলাদেশ দল উড়াল দেয়ার সময়ও কি সাহস করে এই জয়ের কথা কেউ ভেবেছে? তাও আবার ক্রিকেটের এলিট ফরম্যাট টেস্টে।
সাকিব-তামিমদের মতো অভিজ্ঞরা ছিলেন না তাতে কি! মুমিনুলের নেতৃত্ব পথ দেখিয়েছে লিটন দাস-মাহমুদুল হাসান-নাজমুল শান্তদের। আর বল হাতে এবাদত হোসেন প্রতিপক্ষকের কাছে যতটা হুমকি হয়ে থেকেছেন তার চেয়ে বেশি নিজেকে মেলে ধরেছেন অন্তত আগামীর বাংলাদেশের জন্য। ৯ বছর পর টেস্টে কোনো বাংলাদেশি পেয়েছেন ৫ উইকেট। এক ইনিংসে এবাদতের ৬ শিকার যা ক্যারিয়ার সেরা।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে টানা ১৭ টেস্টে কোনো দলই পারেনি স্বাগতিকদের হারাতে সেটিই করে দেখাল বাংলাদেশ।
ইতিহাস গড়ার জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৪০ রান। সেটি যখন টপকে গেল দল প্রথমবার টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর স্বাদ পেল টাইগাররা। আর রস টেইলর-ট্রেন্ট বোল্টদের ভূমিতে যেকোনো ফরম্যাটে লাল সবুজের প্রথম জয়।
এই ইনিংসে ৩ করে সাদমান ইসলামের ফিরে যাওয়া কেউ অবশ্য মনে রাখবে না। ঠিক যেমন নাজমুল শান্তর ১৭। শেষ পর্যন্ত জয়োল্লাস তো হয়েছে।
শেষ দিনের শুরুটাও যেন কাঙ্ক্ষিত। যিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন সেই রস টেলর পারেননি স্বাগতিকদের আস্থার প্রতীক হয়ে থাকতে। বরং কথা রেখেছেন এবাদত হোসেন। টেলরকে বোল্ড করে প্রথমবার ৫ উইকেটের ল্যান্ডমার্কে বাংলাদেশ পেসার। কিউই ব্যাটসম্যান ফিরেছেন ৪০ রান করে।
এবাদতের ষষ্ঠ শিকারে পরিণত হয়েছেন কাইল জেমিসন। যে ক্যাচ শরিফুল তালুবন্দি করেছেন পারফেক্ট টিম গেম না বলে দর্শকের উপায় কোথায়!
টিম সাউদি তাসকিনের তৃতীয় শিকার। নিকোলস, ব্লান্ডেল, জেমিসনদের মতো সাউদিও শূন্যতেই আউট। যে নেইল ওয়াগনার অন্য প্রান্তে দাঁড়িয়ে ট্রেন্ট বোল্টের আউট হওয়া দেখেছেন, হয়েছেন দলের ১৬৯ রানে অলআউটের সাক্ষী, সেই ওয়াগনারও অবশ্য শূন্যতেই অপরাজিত ছিলেন।
শেষ দিন প্রথম সেশনেই শেষ প্রথম টেস্ট। ম্যাচে চালকের আসন ছেড়ে, এখন তো সিরিজেই চালকের আসনে বাংলাদেশ। হবে না-কি নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়?