প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত তিন দিন ধরে হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
সোহেল রানার ভাই মাসুম পারভেজ রুবেল ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার সংবাদমাধ্যমে অভিনেতার অসুস্থ হওয়ার বিষয়টি জানান। অভিনেতার ভাই সংবাদমাধ্যমে বলেন, সোহেল রানা গত ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।
করোনা মহামারির আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও, তা করা হয়নি। সোহেল রানা সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মুক্তিযুদ্ধের সিনেমা ওরা ‘১১ জন’ এর মধ্যদিয়ে। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।
১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা সিনেমার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের নিকট থেকে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।